আইএসএল পরিচালনায় ঐতিহাসিক মোড়, ফেডারেশনকে ১৫ কোটির লোভনীয় প্রস্তাব!

ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) বাণিজ্যিক সত্ত্ব নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাব দিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) কাছে চিঠি পাঠিয়েছে আইএসএলের ক্লাবগুলো। আগামী দুই বছরের জন্য লিগ পরিচালনার বিনিময়ে তারা ফেডারেশনকে বছরে ১৫ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা বহুজাতিক সংস্থা ‘জিনিয়াস স্পোর্টস’-এর বর্তমান প্রস্তাবের চেয়ে বেশি। ৪ জুন ফেডারেশন কর্তাদের সঙ্গে ক্লাব প্রতিনিধিদের বৈঠকের আগেই এই প্রস্তাব দেওয়ায় ‘জিনিয়াস স্পোর্টস’-এর সঙ্গে চুক্তির বিষয়টি বর্তমানে অনিশ্চয়তার মুখে পড়েছে। এর আগে কলকাতায় অনুষ্ঠিত ফেডারেশনের বিশেষ জেনারেল মিটিংয়ে আইনি জটিলতার কারণে জিনিয়াস স্পোর্টসকে নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি।

ক্লাবগুলোর দেওয়া প্রস্তাবে স্পষ্ট করা হয়েছে যে, লিগ পরিচালনার দায়িত্ব নিলেও ফেডারেশনের সার্বভৌমত্ব খর্ব হবে না। রেফারি নিয়োগ, ম্যাচ পরিচালনা, আইনি বিষয়, অ্যান্টি-ডোপিং তদারকি, খেলোয়াড়দের দলবদল সংক্রান্ত বিষয় এবং ফিফা ও এএফসি-র নিয়মাবলি আগের মতোই ফেডারেশনের নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া লিগের ডেটা সংগ্রহের ক্ষেত্রে ক্লাবগুলো জিনিয়াস স্পোর্টসের প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনাও খোলা রেখেছে। প্রস্তাবটি গৃহীত হলে ফেডারেশনের বার্ষিক আয় বৃদ্ধির পাশাপাশি লিগের বিপণন ও স্পনসরশিপের ক্ষেত্রে পেশাদারিত্ব বাড়বে বলে মনে করা হচ্ছে। এখন পুরো বিষয়টি নিষ্পত্তির জন্য ৪ জুনের বৈঠকের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে ফুটবলমহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *