৬০০ জনের ওপর পাশবিক নির্যাতন! ব্রিটিশ সংসদে পাক গ্যাংয়ের নৃশংসতার বিস্ফোরক তথ্য
ব্রিটিশ পার্লামেন্টে এক কিশোরীর ওপর ৬০০ থেকে ৭০০ জন কর্তৃক পাশবিক নির্যাতনের চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করেছেন ব্রিটিশ এমপি রুপার্ট লো। নিজের স্বতন্ত্র তদন্তের ভিত্তিতে তিনি শিশু যৌন নির্যাতন এবং ‘গ্রুমিং গ্যাং’-এর এই ভয়াবহ কর্মকাণ্ড তুলে ধরে সরকারি ব্যবস্থার তীব্র সমালোচনা করেছেন। এই তথ্য প্রকাশের পর ব্রিটিশ পার্লামেন্টে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, মাত্র ১২-১৩ বছর বয়সী এক কিশোরী তিন বছরে প্রায় ৬০০ থেকে ৭০০ জনের যৌন নির্যাতনের শিকার হয়েছে। অপরাধীরা কিশোরীদের পোষা প্রাণীর খাঁচায় আটকে রেখে এবং হিংস্র প্রাণীর ভয় দেখিয়ে পাশবিক অত্যাচার চালাত। পাকিস্তান বংশোদ্ভূত ব্যক্তিদের পরিচালিত এই চক্রগুলো প্রধানত শ্বেতাঙ্গ ও খ্রিস্টান ধর্মের কিশোরীদের লক্ষ্যবস্তু করত এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিত। এই অমানবিক কর্মকাণ্ডে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগও উঠেছে।
রোদারহাম, রোচডেল, অক্সফোর্ড ও ব্রিস্টলসহ ব্রিটেনের প্রায় ৫০টি শহরে এ ধরনের অপরাধ চক্রের অস্তিত্ব শনাক্ত হয়েছে। ১৯৯৭ থেকে ২০১৩ সালের মধ্যে কেবল রোদারহামেই ১৪০০-এর বেশি শিশু নির্যাতনের শিকার হয়েছিল। দীর্ঘ সময় ধরে চলা এসব অপরাধের পেছনে স্থানীয় প্রশাসনের অবহেলা ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতাকে দায়ী করা হচ্ছে। ২০২৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ বিষয়ে একটি টাস্কফোর্স গঠন করলেও, সাম্প্রতিক এই তথ্য প্রমাণ করছে যে দেশের ভেতরে অপরাধ চক্রের শিকড় কতটা গভীরে প্রোথিত।