ভোররাতে এনআইএ-র হানা, শওকত মোল্লার বাড়ি থেকে ধৃত ছেলে!

ভোটের মুখে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় তৃণমূল কংগ্রেসের নেতা শওকত মোল্লার বাড়িতে হানা দিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ জীবনতলায় শওকতের বাড়িতে পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারীদের একটি দল। বাড়িতে ওই তৃণমূল নেতাকে না পেয়ে তাঁর কার্যালয়ে তল্লাশি চালানোর পর জিজ্ঞাসাবাদের জন্য শওকত মোল্লার ছেলেকে গাড়িতে তুলে নিয়ে যান আধিকারিকরা। এই ঘটনাকে কেন্দ্র করে ভাঙড় ও ক্যানিং এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় একটি শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছিলেন। বিরোধী দল আইএসএফ-এর দাবির প্রেক্ষিতে আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার নেয় এনআইএ। এর আগে এই মামলায় ওয়াহিদুল ইসলামসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় সংস্থা। তদন্তকারীদের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতেই শওকত মোল্লার নামটি উঠে এসেছে। এই অভিযানের ফলে ওই এলাকার রাজনৈতিক সমীকরণে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *