হঠাৎ বন্ধ পুণের আইটি সংস্থা, পথে বসলেন ৭০০ কর্মী!
ভারতের পুণের হিঞ্জাওয়াড়িতে ‘থিঙ্ক টেক ইন্ডিয়া’ নামক একটি স্টার্টআপ সংস্থা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রাতারাতি অফিস বন্ধ করে দেওয়ায় ৭০০ জনেরও বেশি কর্মী ও ইন্টার্ন কর্মহীন হয়ে পড়েছেন। চাকরি ও ট্রেনিংয়ের প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ নিরাপত্তা আমানত হাতিয়ে নেওয়ার অভিযোগে সংস্থাটির সিইও-কে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সংস্থার ট্রেনিং ও ডেভেলপমেন্ট প্রধান এবং মানবসম্পদ বিভাগের এক আধিকারিকের বিরুদ্ধেও প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা দায়ের করা হয়েছে।
তদন্তে জানা গেছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে সংস্থাটি ইন্টার্নদের মাসিক ১৫ হাজার টাকা স্টাইপেন্ড ও চাকরি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের সিকিউরিটি ডিপোজিট জমা নেয়। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে বেতন দেওয়া বন্ধ হয়ে যায় এবং বকেয়া মেটানোর চেকগুলোও ব্যাংকে বাউন্স করে। গত এপ্রিলে অফিস বন্ধ হওয়ার পর এক ইন্টার্নের অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রকাশ্যে আসে, যার প্রেক্ষিতে ৩০ জনেরও বেশি ভুক্তভোগী পুলিশের দ্বারস্থ হন। বর্তমানে উপ-শ্রম কমিশনারের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি পুলিশ আমানতের টাকা আত্মসাৎ ও শর্ত ভঙ্গের বিষয়টি তদন্ত করছে।