ফেসবুক ছাড়ার ঘোষণা বাবুল সুপ্রিয়র, নেপথ্যে কি সেই বিতর্কিত মন্তব্য?
চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে নিজের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, সব পরিস্থিতি সত্ত্বেও তিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন। একই সঙ্গে ক্ষমতার লোভে দলবদল করা নেতাদের তীব্র সমালোচনা করেছেন এই গায়ক-রাজনীতিবিদ। তিনি বর্তমানে ইডি, সিবিআই বা আয়কর দফতরকে ভয় পান না বলেও উল্লেখ করেন।
তৃণমূলে যোগদানের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে বাবুল জানান, ২০২১ সালে বিজেপিতে থাকাকালীন পরিস্থিতির কারণে রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই সময় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন তাঁর সাথে যোগাযোগ করেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে তিনি তৃণমূলে যোগদান করেন। রাজ্যসভার সাংসদ হিসেবে বাংলার মানুষের জন্য কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি। পোস্টের শেষে ট্রোলারদের থেকে দূরে থাকতে ফেসবুক অ্যাপ ডিলিট করার কথা জানান বাবুল সুপ্রিয় এবং স্পষ্ট করেন যে, এখন থেকে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কেবল গান সংক্রান্ত বিষয়গুলোই দেখা যাবে।