৫ টাকার ‘মা ক্যান্টিনে’ লক্ষ লক্ষ টাকার দুর্নীতি, প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ!
হুগলির তারকেশ্বর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রূপা সরকারের বিরুদ্ধে রাজ্যের ‘মা ক্যান্টিন’ প্রকল্পে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগ, একটি স্বনির্ভর গোষ্ঠীর নাম ব্যবহার করে ওই কাউন্সিলর বছরের পর বছর ভুয়ো বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। বর্তমানে অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর একটি জমি দখলের মামলায় পলাতক রয়েছেন।
তদন্তে জানা গেছে, মা ক্যান্টিন পরিচালনার দায়িত্ব একটি স্বনির্ভর গোষ্ঠীর নামে থাকলেও বাস্তবে পুরো বিষয়টি রূপা সরকার নিজেই নিয়ন্ত্রণ করতেন। প্রতিদিন মাত্র ২০–৩০ জনের খাবার রান্না হলেও, সরকারি নথিতে ১৫০ জনের নামে ভুয়ো টোকেন তৈরি করে অর্থ বরাদ্দ আদায় করা হতো। ২০২৩ সাল থেকে প্রতি মাসে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা এভাবে তছরুপ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব পৌরসভা ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পৌরসভার মা ক্যান্টিনের নোডাল অফিসার জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।