বিশ্বজয়ের নেশায় মত্ত ব্লু সামুরাইরা, এবার কি তাদেরই পালা!
কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে বিশ্বকে চমকে দেওয়া জাপান ২০২৬ বিশ্বকাপে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে। কাতার বিশ্বকাপের সাফল্য যে আকস্মিক কোনো ঘটনা ছিল না, তা পরবর্তী সময়ে ব্রাজিল ও ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে প্রমাণ করেছে দলটি। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বিশ্বমানের পারফরম্যান্সের ওপর ভর করে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে নকআউট পর্ব ছাড়িয়ে ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে এশিয়ার এই পরাশক্তিরা প্রস্তুতি সম্পন্ন করেছে।
২০১৮ সাল থেকে কোচের দায়িত্বে থাকা হাজিমে মোরিয়াসু অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের নিয়ে একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়ে তুলেছেন। সাধারণত ৩-৪-২-১ ফর্মেশনে খেলা জাপান প্রতিপক্ষের ওপর শুরু থেকেই তীব্র চাপ সৃষ্টি করায় দক্ষ। আক্রমণভাগে তাকেফুসা কুবো, রিৎসু দোয়ান ও জুনিয়া ইতোর মতো তারকারা এবং ডাচ লিগে দুর্দান্ত ফর্মে থাকা স্ট্রাইকার আয়াসে উয়েদা দলটির মূল শক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। পাশাপাশি গোলপোস্টের নিচে ভরসার প্রতীক হয়ে উঠেছেন তরুণ জিয়ন সুজুকি।
দলের সাফল্যের পেছনে রয়েছে খেলোয়াড়দের গভীরতা ও ইস্পাতকঠিন দলগত সংহতি। তাকেহিরো তোমিয়াসু কিংবা ওয়াতারু এন্দোর মতো তারকাদেরও অনেক সময় বেঞ্চে অপেক্ষা করতে হয়, যা দলের অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা ও সক্ষমতাকে স্পষ্ট করে। একক কোনো তারকার ওপর নির্ভর না করে সমন্বিত ফুটবল ও ক্ষুরধার কাউন্টার অ্যাটাকের ওপর জোর দেওয়া ‘ব্লু সামুরাই’দের এবার শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখছেন ফুটবল বিশ্লেষকরা।