অবশেষে প্রতীক্ষার অবসান! বকেয়া ডিএ প্রদানের নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য বকেয়া মহার্ঘ্য ভাতা (ডিএ) প্রদানের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। নবান্নের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া পাওনা মেটানোর বিষয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছে।
বর্তমান কর্মরত কর্মীদের পাশাপাশি এই সময়কালে কর্মরত ছিলেন এমন অবসরপ্রাপ্ত কর্মী এবং বর্তমানে প্রয়াত হওয়া সরকারি কর্মচারীদের বৈধ উত্তরাধিকারীরাও এই বকেয়া ডিএ পাওয়ার অধিকারী হবেন। সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ট্রেজারিতে প্রয়োজনীয় নথিপত্র জমা দিলে এই পাওনা বুঝিয়ে দেওয়া হবে। এছাড়া সময়মতো লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র জমা দিতে না পারার কারণে যেসব অবসরপ্রাপ্ত কর্মীর পেনশন বন্ধ হয়ে গিয়েছিল, তারাও এই প্রক্রিয়ার মাধ্যমে তা পুনরায় চালু করার সুযোগ পাবেন।