দারুণ সুখবর! এবার ওলা-উবেরের মতোই অ্যাপ থেকে ডাকলেই মিলবে অ্যাম্বুলেন্স!
ওলা বা উবেরের আদলে এবার অ্যাপের মাধ্যমে অ্যাম্বুল্যান্স বুকিংয়ের সুবিধা চালু করতে চলেছে রাজ্য সরকার। সোমবার বিধানসভার বাদল অধিবেশনের প্রথম দিনে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এই নতুন উদ্যোগের কথা ঘোষণা করেন। রোগীর পরিজনদের ভোগান্তি কমাতে এবং অ্যাম্বুল্যান্স পরিষেবায় দালাল চক্র নির্মূল করতেই সরকার এই প্রযুক্তিগত পদক্ষেপ নিয়েছে। আগামী ৬ মাসের মধ্যে এই পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এই অ্যাপের মাধ্যমে বুকিংয়ের সময় গন্তব্যের ভাড়া আগেভাগেই জানতে পারবেন ব্যবহারকারীরা। জিপিএস প্রযুক্তির সাহায্যে অ্যাম্বুল্যান্সের লাইভ লোকেশন ট্র্যাক করা যাবে এবং আশেপাশে কতগুলো অ্যাম্বুল্যান্স খালি রয়েছে তাও দেখা যাবে। রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী এই অ্যাপে নরমাল, মিডিয়াম ও আইসিইউ— এই তিন ধরনের অ্যাম্বুল্যান্স বুক করার সুবিধা থাকবে। পুরো বিষয়টি সরাসরি সরকারি নজরদারিতে পরিচালিত হওয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে।