পদত্যাগ করতে চলেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন? বাড়ছে হাসিনার সঙ্গে গোপন যোগাযোগের জল্পনা!
মেয়াদ শেষের আগেই পদত্যাগ করতে পারেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন
কলকাতা: মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগেই বাংলাদেশের রাষ্ট্রপতি পদ থেকে মহম্মদ শাহবুদ্দিন সরে দাঁড়াতে পারেন বলে জোরালো জল্পনা তৈরি হয়েছে। ২০২৩ সালের এপ্রিলে পাঁচ বছরের জন্য তিনি দায়িত্ব গ্রহণ করলেও, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের জেরে বর্তমান সরকারের সঙ্গে তাঁর দূরত্বের খবর সামনে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, বর্তমান সরকার ও রাষ্ট্রপতি একে অপরের সঙ্গে কাজ করতে অস্বস্তিবোধ করছেন, যা তাঁর ইস্তফার সম্ভাবনাকে আরও জোরালো করেছে।
বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-র তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি শাহবুদ্দিন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে বর্তমান সরকার তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। ‘দ্য ডেইলি স্টার’-কে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, এই টেলিফোন কথোপকথন ছাড়াও ডিসেম্বরে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে পরিস্থিতি যথেষ্ট সংবেদনশীল হয়ে উঠেছে। সংবিধান অনুযায়ী, মহম্মদ শাহবুদ্দিন পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।