লাইক-কমেন্টের মোহ ছাড়ুন! আইনজীবীদের প্রতি প্রধান বিচারপতির কড়া বার্তা
সোশ্যাল মিডিয়ায় সস্তা ও ভার্চুয়াল জনপ্রিয়তার পেছনে না ছুটে কাজের মান ও কঠোর পরিশ্রমের ওপর ভিত্তি করে পেশাগত জীবন গড়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত। বুধবার ২০২৫ ব্যাচের নতুন ‘অ্যাডভোকেট-অন-রেকর্ড’ (এওআর)-দের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, অনলাইন লাইক-কমেন্ট বা রাতারাতি পরিচিতি পাওয়া আর প্রকৃত পেশাগত বিশ্বাসযোগ্যতা এক নয়। প্রধান বিচারপতি স্পষ্ট করেন যে, কেবল ডিগ্রি বা পদবি পেশাগত সাফল্য নিশ্চিত করে না; বরং আদালতের ভেতরে বিচারক, সহকর্মী ও মক্কেলদের সামনে একজন দক্ষ ও সুপ্রস্তুত আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই আসল সাফল্য।
সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস-অন-রেকর্ড অ্যাসোসিয়েশনের আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি তরুণ আইনজীবীদের সতর্ক করে জানান, সাফল্যের মাপকাঠি যেন সোশ্যাল মিডিয়া বা টিআরপি বাড়ানোর নেশা না হয়। এর পরিবর্তে তিনি আইন পেশার দীর্ঘ ঐতিহ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধান বিচারপতি নতুন এওআর-দের অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে এবং সাধ্যমতো বিনামূল্যে আইনি সেবা প্রদানের আহ্বান জানান।