নকল পণ্য বেচে ৫,৫০০ কোটির বিশাল জরিমানা গুনছে জনপ্রিয় এই সংস্থা!
অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম আলিএক্সপ্রেসের বিরুদ্ধে নকল, অবৈধ ও বিপজ্জনক পণ্য বিক্রির অভিযোগ এনে ৫৫ কোটি ইউরো (প্রায় ৫,৫০০ কোটি টাকা) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের তদন্তে উঠে এসেছে যে, সংস্থাটি ইউরোপের নিরাপত্তা ও পরিবেশগত নিয়ম লঙ্ঘন করেছে এবং অনিরাপদ পণ্য বারবার প্ল্যাটফর্মে ফিরে আসার ঘটনা আটকাতে ব্যর্থ হয়েছে। এছাড়া গ্রাহকদের এসব বিপজ্জনক পণ্য কেনার জন্য উৎসাহিত করার মতো গুরুতর গাফিলতির প্রমাণও পাওয়া গেছে।
২০২২ সালে কার্যকর হওয়া ‘ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট’ (DSA) অনুযায়ী এই কড়া ব্যবস্থা গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়ন। অনলাইন শপিং প্ল্যাটফর্মের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ জরিমানার ঘটনা, যা এর আগে এক্স (১২ কোটি ইউরো) বা তেমু (২০ কোটি ইউরো)-র জরিমানার রেকর্ড ছাড়িয়ে গেছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তকে ‘মাত্রাতিরিক্ত’ আখ্যা দিয়ে আলিএক্সপ্রেস এটি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। তবে আগামী ২০ অক্টোবরের মধ্যে সংস্থাটিকে জরিমানার অর্থ পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় তাদের আরও বড় শাস্তির মুখে পড়তে হতে পারে।