INDIA জোটে বড় ভাঙন, কংগ্রেস ছাড়লেন স্ট্যালিন!
তামিলনাড়ুর রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন ঘটিয়ে ‘ইন্ডিয়া’ জোট থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে দ্রাবিড় মুনেত্র কাজগম (ডিএমকে)। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৮ জুন দিল্লিতে আয়োজিত জোটের বৈঠকে তারা কোনোভাবেই অংশগ্রহণ করবে না। মূলত তামিলনাড়ুর আসন্ন রাজনৈতিক সমীকরণ এবং কংগ্রেসের নতুন জোট কৌশল নিয়ে মতবিরোধের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে ডিএমকে।
তামিলনাড়ুর অভিনেতা বিজয় থলপতির দল ‘তামিলগা ভেট্রি কাজগম’ (টিভিকে)-এর সঙ্গে কংগ্রেসের ক্রমবর্ধমান সখ্যতাকে ডিএমকে তাদের স্বার্থের পরিপন্থী এবং বিশ্বাসের লঙ্ঘন বলে মনে করছে। ডিএমকে মুখপাত্র টিকেএস এলানগোভান জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে জোটে থাকা আর সম্ভব নয়। এদিকে ডিএমকে-এর এই বেরিয়ে যাওয়া জাতীয় রাজনীতিতে বিরোধী ঐক্যের ওপর বড় প্রভাব ফেলবে এবং তামিলনাড়ুর আগামী নির্বাচনী রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।