১৩ দিনের পুলিশি হেফাজতে স্বরূপ বিশ্বাস, টলিউডে কি স্বৈরাচারের অবসান?
২২ লক্ষ টাকা তোলাবাজি, অস্ত্র আইন লঙ্ঘন এবং যৌনহেনস্তার অভিযোগে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের পর শুক্রবার তাকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক আগামী ১৮ জুন পর্যন্ত অর্থাৎ ১৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। আদালত চত্বরে স্বরূপ বিশ্বাসের উপস্থিতিকে কেন্দ্র করে এ সময় ব্যাপক উত্তেজনা ও হইহট্টগোলের সৃষ্টি হয়।
দীর্ঘদিন ধরে টলিপাড়ার কলাকুশলী ও স্টুডিও মালিকদের ওপর প্রভাব খাটিয়ে তোলাবাজি ও সিন্ডিকেট রাজ চালানোর অভিযোগ রয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। রাজনৈতিক ক্ষমতার দাপটে এতদিন ভুক্তভোগীরা মুখ খোলার সাহস না পেলেও, তার গ্রেপ্তারের পর থেকেই টলিপাড়ার অনেকেই শ্লীলতাহানিসহ বিভিন্ন অত্যাচারের বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এই গ্রেপ্তারির মাধ্যমে টলিউডের দীর্ঘদিনের ভয়ের পরিবেশ কেটে গিয়ে কাজের সুস্থ পরিবেশ ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।