৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন না দিলেই পস্তাতে হবে!
চলতি বছরে আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার শেষ সময়সীমা আগামী ৩১ জুলাই। বিশেষজ্ঞরা দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন, যাতে শেষ মুহূর্তের জটিলতা এড়ানো যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন দাখিল কেবল আইনি বাধ্যবাধকতা পূরণের পাশাপাশি করদাতাদের বিভিন্ন আর্থিক সুবিধা নিশ্চিত করতে সাহায্য করে।
আয়কর রিটার্ন একজন নাগরিকের আয়ের সবচেয়ে নির্ভরযোগ্য সরকারি দলিল হওয়ায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো লোন অনুমোদনের ক্ষেত্রে এটি বাধ্যতামূলকভাবে যাচাই করে। পাশাপাশি, বিদেশ ভ্রমণের জন্য ভিসা আবেদন এবং বড় অঙ্কের ইনস্যুরেন্স পলিসি গ্রহণের ক্ষেত্রেও আইটিআর জরুরি। সঠিক সময়ে রিটার্ন জমা দিলে বেতন বা স্থায়ী আমানত থেকে কাটা অতিরিক্ত কর ফেরত পাওয়া এবং শেয়ার বাজার বা ব্যবসার লোকসান পরবর্তী বছরের আয়ের সাথে সমন্বয় করার আইনি সুবিধা পাওয়া যায়। নির্ধারিত সময়ে এই প্রক্রিয়া সম্পন্ন করলে করদাতারা আয়কর দপ্তরের আইনি নোটিস বা অন্যান্য ঝুকি থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারেন।