হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা, ইরানের ড্রোন ধ্বংস করল আমেরিকা!
হরমুজ প্রণালী লক্ষ্য করে ইরান চারটি ড্রোন ছুড়েছিল বলে দাবি করেছে আমেরিকান সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন সেনার ভাষ্য অনুযায়ী, এই ড্রোনগুলি ওই অঞ্চলের সামুদ্রিক যান চলাচলের জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়ানোয় সেগুলিকে ভূপাতিত করা হয়েছে। এর পাশাপাশি নিজেদের সুরক্ষার স্বার্থে গোরুক এবং কেশম দ্বীপে অবস্থিত ইরানের উপকূলীয় নজরদারি রাডার সাইটগুলিতে মার্কিন বাহিনী পাল্টা হামলা চালিয়েছে। ইরানের এই ‘অযৌক্তিক আগ্রাসনের’ সমুচিত জবাব দিতে তারা সর্বদা প্রস্তুত বলে সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে।
পশ্চিম এশিয়ায় ইরান ও আমেরিকার মধ্যে দীর্ঘদিনের উত্তজেনা সম্প্রতি আরও তীব্র হয়েছে। কুয়েত ও বেইরুটে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ এবং ওমান সাগরে মার্কিন সামরিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক চাপানউতোর চলছে। একদিকে আমেরিকা ইরানকে অবরোধের মাধ্যমে কোণঠাসা করার চেষ্টা করছে, অন্যদিকে ইরান হরমুজ প্রণালী ব্যবহারের মাধ্যমে জ্বালানি তেলের বাজারে প্রভাব ফেলছে। পরিস্থিতি জটিল হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সামগ্রিক পরিস্থিতি ইতিবাচক দিকে এগোচ্ছে। তবে তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে, এসব হামলার জন্য আমেরিকাকে চড়া মূল্য দিতে হবে।