২৯ লক্ষ টাকা আত্মসাৎ, গ্রেফতার তৃণমূল নেতা রমেশ পাত্র!
হুগলির জাঙ্গিপাড়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে ২৯ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে তৃণমূল নেতা রমেশ পাত্রকে গ্রেফতার করেছে জাঙ্গিপাড়া থানার পুলিশ। তন্ময় বারুই নামে এক ব্যক্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করেছে। অভিযোগকারীর দাবি, সরকারি ও প্রশাসনিক বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রমেশ পাত্র তাঁর কাছ থেকে অনলাইন ও নগদ মিলিয়ে মোট ২৯ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।
তন্ময় বারুইয়ের অভিযোগ, টাকা নেওয়ার পর প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়ে অভিযুক্ত নেতা তাঁকে খুনের হুমকি দিতে শুরু করেন। এ ঘটনার প্রেক্ষিতে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই প্রতারণা চক্রের সঙ্গে অন্য কোনো প্রভাবশালী ব্যক্তির যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।