কলকাতার মেট্রোয় আসছে নতুন বিপ্লব, ৫ বছরে নামছে ৬০টি সুপার ফাস্ট ট্রেন!
পশ্চিমবঙ্গের রেল ও মেট্রো পরিষেবার আমূল পরিবর্তনের লক্ষ্যে আগামী পাঁচ বছরের জন্য এক লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, রাজ্যের রেল পরিকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ১০২টি স্টেশনকে ‘অমৃত ভারত স্টেশন’ হিসেবে গড়ে তোলা হবে এবং দীর্ঘদিন ধরে থমকে থাকা ৬২টি রেল প্রকল্পে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের রেলের জন্য ১৪,২০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এই পরিকল্পনার আওতায় কলকাতা মেট্রো পরিষেবায় আধুনিকীকরণ আনতে আগামী পাঁচ বছরে ৬০টি অত্যাধুনিক ট্রেন যুক্ত করা হবে। পাশাপাশি, দিল্লি থেকে লখনউ, বারাণসী ও পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত বুলেট ট্রেন পরিষেবা চালুর ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে মাত্র ছয় ঘণ্টায় রাজধানী থেকে উত্তরবঙ্গে পৌঁছানো সম্ভব হবে। এছাড়া যানজট নিরসন ও নিরাপত্তার স্বার্থে রাজ্যে ৫৩৮টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার কাজ দ্রুত এগিয়ে নিতে রাজ্য সরকার প্রয়োজনীয় ৪০টিরও বেশি এনওসি (NOC) প্রদান করেছে।