কলকাতা স্টেশনের সাথে মেট্রোর মেলবন্ধন? শীঘ্রই মিলবে সুখবর!

হাওড়া, শিয়ালদহ ও বিমানবন্দরের পর এবার কলকাতা স্টেশনকেও মেট্রো নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নিয়েছে রেল মন্ত্রক। করুণাময়ী থেকে কলকাতা স্টেশন পর্যন্ত একটি নতুন মেট্রো রুট চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে প্রাথমিকভাবে সমীক্ষার অনুমতি দেওয়া হয়েছে। প্রস্তাবিত এই রুটটি ক্ষুদিরাম বসু রোড, বাগজোলা খাল এবং সল্টলেক ৬ নম্বর আইল্যান্ড হয়ে করুণাময়ী পর্যন্ত পৌঁছাবে। মেট্রো কর্তৃপক্ষের ধারণা, প্রস্তাবিত রুটের সিংহভাগ অংশ খালের ওপর দিয়ে যাওয়ার পরিকল্পনা থাকায় জমি অধিগ্রহণ সংক্রান্ত বড় কোনো জটিলতার আশঙ্কা নেই।

এই প্রকল্পের কারিগরি ও ট্র্যাফিক সমীক্ষার জন্য আপাতত ৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সমীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে, রাজ্যের নির্মীয়মাণ ও থমকে থাকা রেল প্রকল্পগুলোর গতি বাড়াতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন। মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের বিধায়কদের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, উত্তর-সীমান্ত রেল এবং কলকাতা মেট্রোর শীর্ষ আধিকারিকরা অংশ নেবেন। এই আলোচনার মাধ্যমে কলকাতার নতুন মেট্রো রুটসহ রাজ্যের সামগ্রিক রেল পরিকাঠামোর উন্নয়ন নিয়ে বিশদ আলোচনা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *