অন্নপূর্ণা যোজনায় আবেদনের সহজ নিয়ম, জেনে নিন অনলাইনের ধাপগুলো!
রাজ্য সরকারের ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলারা প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পান। আগামী ৯০ দিন পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে এবং আগ্রহী আবেদনকারীরা অনলাইনের পাশাপাশি অফফাইনেও আবেদন করতে পারবেন। বর্তমানে প্রচলিত ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পটিও চালু থাকবে এবং নতুন আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
অনলাইনে আবেদনের জন্য সরকারি পোর্টাল https://socialregistry.wb.gov.in/-এ গিয়ে ‘Citizen/Family Login’ বিকল্পটি নির্বাচন করতে হবে। এরপর জেলা নির্বাচন করে আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরের ওটিপি (OTP) দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। ফর্ম পূরণের সময় ভোটার কার্ড, আধার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, আয়ের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজ ছবি এবং ব্যাঙ্কের তথ্যসহ পরিবারের সদস্যদের পেশা, জমির পরিমাণ, বাড়ির ধরন ও মিউটেশন সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে। এছাড়া চার চাকার গাড়ি, আয়কর, জিএসটি এবং স্বাস্থ্যবিমা সংক্রান্ত তথ্যও প্রয়োজন হতে পারে। একটি মোবাইল নম্বর দিয়ে কেবল একজনই আবেদন করতে পারবেন এবং নির্ভুল তথ্য প্রদানের জন্য আবেদন জমার আগে সমস্ত নথি পুনরায় যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।