কুনোর জঙ্গলে ফিরল ‘তৃণভূমির ভূত’! কয়েক দশক পর দেখা মিলল অতিবিরল ক্যারাকালের

মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে অতিবিরল বন্যপ্রাণী ‘ক্যারাকাল’ বা ‘তৃণভূমির ভূত’-এর দেখা মিলেছে। কয়েক দশক পর ভারতের কোনো অঞ্চলে এই প্রাণীর ফিরে আসাকে বন্যপ্রাণী সংরক্ষণ ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে মধ্যপ্রদেশের গান্ধী সাগর অভয়ারণ্যেও এই প্রজাতির উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে, যা রাজ্যের শুকনো ও পাথুরে বনাঞ্চলগুলোতে এদের টিকে থাকার সম্ভাবনা বৃদ্ধি করেছে।

ক্যারাকাল অত্যন্ত চতুর এবং মানুষের উপস্থিতিকে এড়িয়ে চলতে পছন্দ করে। শুকনো ঘাস বা পাথুরে পরিবেশের সঙ্গে তাদের গায়ের রঙ মিশে যায় বলে তাদের ‘তৃণভূমির ভূত’ বলা হয়। এদের কানের ওপর লম্বা কালো লোমের গুচ্ছ বা ‘টাফট’ প্রধান শনাক্তকরণ চিহ্ন। প্রজেক্ট চিতার অধীনে কুনো ন্যাশনাল পার্কে বনোন্নয়ন ও রক্ষণাবেক্ষণের যে কার্যক্রম চলেছে, তার প্রত্যক্ষ সুফল হিসেবেই এই প্রাণীর ফিরে আসা সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শিকারি প্রাণীর পর্যাপ্ত খাদ্য সরবরাহ এবং নিরাপদ আবাসস্থল নিশ্চিত হওয়ায় বিপন্ন এই প্রজাতি পুনরায় দেখা যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *