বিজেপি ছাড়তেই চমক, ১০ ঘণ্টাতেই ১০ লক্ষ মানুষের সমর্থন পেলেন আন্নামালাই!
তামিলনাড়ু বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই ভারতীয় জনতা পার্টি থেকে পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই ‘ইধু নাম্মা ইয়াক্কাম’ (এটি আমাদের আন্দোলন) নামে তার নতুন রাজনৈতিক মঞ্চের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। নতুন এই প্ল্যাটফর্ম চালুর মাত্র ১০ ঘণ্টার মধ্যে ১০ লক্ষেরও বেশি স্বেচ্ছাসেবক নাম নথিভুক্ত করেছেন বলে আন্নামালাই দাবি করেছেন। নিজের এই নতুন উদ্যোগকে যৌথ লক্ষ্য ও ভাবাদর্শের প্রতি মানুষের আস্থার প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন তিনি।
সম্প্রতি তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজেপির শোচনীয় ফল এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তামিলনাড়ুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মতবিরোধের জেরে আন্নামালাই এই সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লি সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি ইস্তফাপত্র জমা দেন, যা সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন গ্রহণ করেছেন। রাজ্যের নিজস্ব রাজনৈতিক বাস্তবতা অনুযায়ী কাজ করতে চাওয়ার আগ্রহ ও কেন্দ্রীয় সিদ্ধান্তের সঙ্গে পার্থক্যের কারণেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন। বিশ্লেষকদের মতে, আন্নামালাইয়ের এই নতুন আন্দোলন তামিলনাড়ুর প্রথাগত দ্রাবিড় রাজনীতির সমীকরণে পরিবর্তন এনে রাজ্যের শাসক ও বিরোধী উভয় শিবিরের জন্যই নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।