ছবি তুলেই সাফ শহর, রাজ্যের এই অ্যাপ বদলে দেবে সব!
শহরের আবর্জনা সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে রাজ্যজুড়ে ‘স্বচ্ছ অ্যাপ’ নামে একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে। শনিবার নিউটাউনে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী এই পরিষেবার কথা ঘোষণা করেন। এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা তাঁদের আশেপাশের জমে থাকা আবর্জনার ছবি তুলে সরাসরি অভিযোগ জানাতে পারবেন, যা দ্রুত সংশ্লিষ্ট পুরসভার নজরে পৌঁছে যাবে এবং জঞ্জাল সাফাইয়ের ব্যবস্থা করা হবে। বর্তমানে আসানসোল, দুর্গাপুর, বসিরহাট, পূজালি, তুফানগঞ্জ, কাঁথি, কৃষ্ণনগর, বৈদ্যবাটী এবং মধ্যমগ্রামসহ মোট ১০টি পুরসভায় পরিষেবাটি চালু হয়েছে এবং পর্যায়ক্রমে রাজ্যের প্রতিটি পুর এলাকায় তা পৌঁছে দেওয়া হবে।
স্বচ্ছতার পাশাপাশি রাজ্যের বিদ্যুৎ ও পরিকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বিদ্যুৎ বিল কমাতে কেন্দ্রের ‘সূর্যঘর’ প্রকল্পের প্রয়োগের পাশাপাশি জল জীবন মিশন ও আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রীয় প্রকল্পগুলো রাজ্যে দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে কেন্দ্র থেকে আর্থিক সহায়তা পাওয়া শুরু হয়েছে। এ ছাড়া ডিভিসি এবং বন্যা নিয়ন্ত্রণ নিয়েও নতুন সরকার সমন্বয়মূলক পদক্ষেপ গ্রহণ করবে বলে জানানো হয়েছে। শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের সঠিক ব্যবহারের মাধ্যমে রাজ্যের উন্নয়নের গতি ত্বরান্বিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।