খড়গপুর থেকে পালানোর ছক বানচাল, পুলিশের জালে দাপুটে তৃণমূল নেতা সুজয় হাজরা!
তোলাবাজি ও সিন্ডিকেট চালানোর অভিযোগে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে খড়্গপুর থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁকে আটক করে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা এই গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্তকে আদালতে হাজির করে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।
দীর্ঘদিন ধরেই সুজয় হাজরার বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেট চালানো এবং মানুষকে ভয় দেখানোর গুরুতর অভিযোগ ছিল। এদিকে, এই গ্রেফতারির ঘটনায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিজেপি বিধায়ক শঙ্কর কুমার গুছাইত অভিযোগ করেছেন যে, ধৃত নেতার বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপ ও জমি দখলের মতো একাধিক অভিযোগ রয়েছে। তিনি এই দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।