উত্তাল যন্তর মন্তর! বড় আন্দোলনের হুঙ্কার আরশোলা জনতা পার্টির
দিল্লির যন্তর মন্তরে শনিবার শিক্ষাব্যবস্থা ও কেন্দ্রীয় বিভিন্ন পরীক্ষা নিয়ে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে। আরশোলা জনতা পার্টির (Cockroach Janta Party) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভে শিক্ষাবিদ সোনম ওয়াংচুকও অংশ নেন। নিট-স্নাতক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দ্বাদশ শ্রেণির খাতা মূল্যায়ন পদ্ধতির স্বচ্ছতা নিয়ে ওঠা প্রশ্ন ও বিতর্কের জেরে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে অভিজিৎ দিপক হুঁশিয়ারি দিয়েছেন যে, দাবি পূরণ না হলে আগামী এক সপ্তাহ ধরে দেশজুড়ে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। আগামী শনিবার যন্তর মন্তরে আবারও বৃহৎ সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি। একসময় ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করলেও, বর্তমানে ‘যুবসমাজের জন্য, যুবসমাজের দ্বারা’ স্লোগানকে সামনে রেখে এই সংগঠনটি একটি সুসংগঠিত আন্দোলনে পরিণত হয়েছে। সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রভাব ব্যবহার করে তারা সরকারের ওপর চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।