জেলায় জেলায় কবে নামবে অঝোর বৃষ্টি, বর্ষা কি তবে দোরগোড়ায়?

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের মূল ভূখণ্ডে বর্ষার আগমন ঘটেছে এবং আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে সিকিম ও উত্তরবঙ্গ দিয়ে তা রাজ্যে প্রবেশের সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশ ও বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্তের অবস্থানের কারণে বর্তমানে রাজ্যজুড়ে প্রাক-বর্ষার বৃষ্টিপাত চলছে। বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা নামলেও ভ্যাপসা গরম ও অস্বস্তি কাটেনি।

উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং ও কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী সপ্তাহের শুরুতে অতি ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গ জুড়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সাথে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া মিশ্র প্রকৃতির থাকলেও বুধবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির জন্য ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। রবিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও বর্ধমানে ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *