ভুয়ো খবরে তীব্র ক্ষোভ মিমি চক্রবর্তীর, এবার কি আইনি পদক্ষেপ?
নিজের নামে ছড়ানো একাধিক ভুয়া খবরে তীব্র বিরক্তি প্রকাশ করেছেন অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে প্রকাশিত ভিত্তিহীন তথ্যের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে এমন সংবাদের পুনরাবৃত্তি হলে তিনি কঠোর আইনি পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবেন না।
এ বছর বনগাঁর একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজক তনয় শাস্ত্রীর সঙ্গে মিমির বিবাদ প্রকাশ্যে আসে। সেই ঘটনায় তনয় শাস্ত্রী কারাবাস ও জামিনে মুক্তির পর অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। এই আইনি প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিভিন্ন মহলে ভুল তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন মিমি। অভিনেত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে কোনো সংবাদ প্রকাশের আগে তা যাচাই করা জরুরি। সব ধরনের মিথ্যে অপপ্রচারের বিরুদ্ধে তিনি সর্বদা সরব থাকবেন বলেও কড়া বার্তা দিয়েছেন তিনি।