বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে ‘পর্ক উৎসব’, পাল্টা তোপে কী বললেন বামনেতা?

বিশিষ্ট আইনজীবী ও বামনেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাসভবনের সামনে ‘পর্ক উৎসব’ পালনের অভিযোগ উঠেছে হিন্দুত্ববাদী সংগঠন ‘জাতির কথা’-র সদস্যদের বিরুদ্ধে। বহু বছর আগে ধর্মতলার মঞ্চে গোমাংস খেয়ে বিতর্কের জন্ম দেওয়া ওই বামনেতার প্রতিবাদেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে দাবি করছে সংগঠনটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একাধিক ভিডিওতে দেখা যায়, সংগঠনের কয়েকজন যুবক বিকাশবাবুর বাড়ির সামনে দাঁড়িয়ে শুয়োরের মাংস খাচ্ছেন এবং উচ্চস্বরে তাঁকে বাইরে আসার আহ্বান জানাচ্ছেন। তাঁদের দাবি, অতীতে মুসলিম তোষণ ও ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে বার্তা দিতে বিকাশবাবু যে গোমাংস খেয়েছিলেন, এটি তারই পাল্টা জবাব।

এই ঘটনার প্রতিক্রিয়ায় নিজের অবস্থানে অনড় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া বার্তা দিয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি শ্লেষের সুরে বলেন, ‘কিছু সনাতনী দাবিদার আমার বাড়ির সামনে এসে শুয়োরের মাংস খেয়ে প্রমাণ করলেন যে, সনাতনী হলে শুয়োর খেতে আপত্তি নেই।’ একই সঙ্গে তিনি স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ টেনে বলেন, স্বামী বিবেকানন্দের শিক্ষা ও আদর্শ চর্চা করলে গরুর মাংস খাওয়া নিয়ে আপত্তি থাকার কথা নয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং বিশ্লেষকদের মতে, এটি ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি সমাজে মেরুকরণের ঝুঁকি বাড়িয়ে তুলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *