শিক্ষিতরা সন্তান নিচ্ছেন না, ভারতের জনসংখ্যা হ্রাস নিয়ে সতর্কবার্তা ইলন মাস্কের!
ভারতে সন্তান জন্মের হার দ্রুতগতিতে কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক। বর্তমানে দেশটির মোট প্রজনন হার (Total Fertility Rate) ১.৯-এ নেমে এসেছে, যা জনসংখ্যা স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় রিপ্লেসমেন্ট লেভেল ২.১-এর চেয়েও কম। বিশেষজ্ঞরা বলছেন, মূলত শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে সন্তান নেওয়ার প্রবণতা কমে যাওয়া এবং ছোট পরিবার গঠনের মানসিকতাই এই পরিস্থিতির প্রধান কারণ।
জনসংখ্যাকে ভারসাম্যপূর্ণ রাখতে একটি দেশে প্রতি মহিলার গড়ে ২.১ জন সন্তান জন্ম দেওয়া প্রয়োজন। ২০২৪ সালের স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম (SRS) এবং জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, ভারত বর্তমানে এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে দীর্ঘমেয়াদী জনসংখ্যা হ্রাসের ঝুঁকি তৈরি হয়েছে। এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে কর্মক্ষম যুব জনসংখ্যার অনুপাত কমে শিল্প ও সেবা খাতে শ্রমিকের ঘাটতি দেখা দিতে পারে। এছাড়া প্রবীণ মানুষের সংখ্যা বৃদ্ধিতে স্বাস্থ্য পরিষেবা ও পেনশন খাতে সরকারি ব্যয়ের ওপর বড় ধরনের চাপের আশঙ্কা করছেন জনমিতি বিশেষজ্ঞরা।