চাকরি দেওয়ার নামে কাটমানি! তৃণমূল সাংসদ ও বিধায়কের বাড়ি ঘিরে রণক্ষেত্র কোচবিহার।

চাকরি দেওয়ার নামে টাকা তোলা এবং সরকারি পরিষেবার বিনিময়ে কাটমানি নেওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার। রবিবার সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায় এবং কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা। টাকা ফেরতের দাবিতে ক্ষুব্ধ জনতার এই বিক্ষোভের জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে এলাকার অনেকের কাছ থেকেই মাথাপিছু ২০ হাজার টাকা বা তারও বেশি নেওয়া হয়েছে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও চাকরি না মেলায় এবং টাকা ফেরত না পাওয়ায় স্থানীয়রা ‘চোর’ লেখা প্ল্যাকার্ড হাতে সাংসদ ও বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। এছাড়াও অভিযুক্ত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সন্ত্রাস চালানোর অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অবিলম্বে টাকা ফেরতের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *