তৃণমূল ছাড়লেন দাপুটে নেত্রী, হারের ধাক্কায় কি তবে বড় ভাঙন!

সদ্য সমাপ্ত বঙ্গ নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে অব্যাহত দলত্যাগের প্রবণতা। হুগলি জেলা পরিষদের সদস্যা ও বলাগড়ের যুব নেত্রী রুনা খাতুন দল থেকে পদত্যাগ করার ঘোষণা করেছেন। দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে তিনি বলেছেন, মানুষের রায়কে সম্মান জানিয়ে নতুন সরকারকে উন্নয়নের জন্য কাজের সুযোগ দেওয়া উচিত।

তিনবারের নির্বাচিত এই জেলা পরিষদ সদস্যার দলত্যাগের নেপথ্যে রয়েছে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি দীর্ঘদিনের ক্ষোভ। বিধানসভা নির্বাচনে প্রার্থী না হওয়া এবং প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বের জেরে তিনি অস্বস্তিতে ছিলেন। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি জানান, এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তবে জেলা তৃণমূলে প্রভাব থাকা নেত্রীর এই প্রস্থান স্থানীয় সংগঠনে বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, রুনা খাতুনের স্বামী অরিজিৎ দাস এখনো বলাগড়ের সিজা কামালপুর পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *