বান্ধবীর পাতানো ফাঁদ! দুর্গাপুরে নাবালিকাকে মদ্যপান করিয়ে গণধর্ষণের ঘটনায় তোলপাড়।
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এক অষ্টম শ্রেণীর নাবালিকাকে হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। অভিযোগ, নির্যাতিতার বান্ধবীই তাকে ফুঁসলিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং অভিযুক্তদের হাতে তুলে দেয়। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ওই নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তদন্তে জানা গেছে, বুদবুদ এলাকার ওই কিশোরীকে বান্ধবী ডেকে নিয়ে যাওয়ার পর একটি গাড়িতে তুলে জোরপূর্বক নেশাজাতীয় পানীয় খাইয়ে অচেতন করে। এরপর তাকে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি হোটেলে নিয়ে গিয়ে রাজ মল্লিক, শেখ আজারুদ্দিনসহ তিন যুবক পাশবিক নির্যাতন চালায়। ঘটনার রাতে অভিযুক্তরা নির্যাতিতাকে বুদবুদ বাইপাস এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে এক টোটো চালকের সহায়তায় পরিবার ঘটনাটি জানতে পারে।
নিগৃহীতের পরিবারের অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর থানা দ্রুত পদক্ষেপ নিয়ে মূল চক্রী ও বান্ধবীসহ মোট তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতদের পুলিশি হেফাজতে চেয়ে আদালতে পেশ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই অপরাধমূলক কর্মকাণ্ডে ঘনিষ্ঠ বন্ধুর সম্পৃক্ততা ও বিশ্বাসভঙ্গের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।