‘আমি নয় আমরা’, সরকারি কাজে দলীয় হস্তক্ষেপ বন্ধে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর!
রাজ্যে সুশাসন ও স্বচ্ছতা বজায় রাখতে সরকার ও দলের মধ্যে সমন্বয়ের ওপর বিশেষ জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নিউটাউনে বিজেপির এক প্রশিক্ষণ শিবিরে দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিজেপি ‘আমি নয়, আমরা’ নীতিতে বিশ্বাসী। সরকারের জনকল্যাণমূলক কাজগুলো সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করতে কর্মীদের অহরহ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, সংকল্প পত্রে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পর্যায়ক্রমে পূরণ করা হবে এবং এ কাজে জনপ্রতিনিধি ও দলীয় সংগঠনের মধ্যে সুদৃঢ় সম্পর্ক স্থাপন প্রয়োজন।
প্রশিক্ষণ মঞ্চ থেকে পূর্বতন তৃণমূল সরকারের আমলের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধেও সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, রাজ্যের প্রশাসনিক কর্মকাণ্ডের প্রতিটি স্তরেই ব্যাপক দুর্নীতি বাসা বেঁধেছে, যার প্রমাণ হিসেবে লক্ষ্মীর ভাণ্ডার এবং বিধবা ভাতার মতো প্রকল্পে হাজার হাজার ভুয়ো উপভোক্তার অ্যাকাউন্টে টাকা যাওয়ার বিষয়টি তুলে ধরেন। প্রশাসনিক এই অনিয়ম দূর করতে ও দুর্নীতি রোধে দলের কর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া, দলের কর্মীদের অহংকার ত্যাগ করে সংযত আচরণ করার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী।