অঙ্গনওয়াড়ির খাবারে আস্ত সাপের বাচ্চা, অল্পের জন্য রক্ষা পেলেন গর্ভবতী নারী!
June 8, 2026
মধ্যপ্রদেশের পানধুর্না জেলার কারঘাট কামথি গ্রামে সরকারিভাবে সরবরাহ করা অঙ্গনওয়াড়ির পুষ্টিকর লাড্ডুর প্যাকেটে আস্ত মরা সাপের বাচ্চা পাওয়া গেছে। এক অন্তঃসত্ত্বা নারী খাবারটি খাওয়ার জন্য প্যাকেটটি খুললে বিষয়টি তার নজরে আসে, যার ফলে তিনি বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা পান। ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরকারি খাদ্য প্যাকেজিং প্রক্রিয়ায় বড় ধরনের গাফিলতি ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের এই ঘটনা তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। উদ্ধারকৃত খাবারের নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ল্যাবরেটরি রিপোর্ট ও তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।