রাস্তায় গুটখার পিক ফেললেই মোটা জরিমানা, ১ সেপ্টেম্বর থেকে জারি কড়া নিয়ম!
পরিবেশ দূষণ রোধ ও শহরকে পরিচ্ছন্ন রাখতে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। এখন থেকে রাস্তায় যত্রতত্র আবর্জনা ফেললে বা পান-গুটখার পিক ফেললে গুনতে হবে জরিমানা। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল শিলিগুড়ির উত্তরকন্যায় আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে।
শহরকে আবর্জনামুক্ত রাখতে ময়লা ফেলার পাশাপাশি প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রেও কড়াকড়ি করা হবে এবং নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা ধার্য করা হবে। সাধারণ মানুষকে সচেতন করতে আগামী তিন মাস বিশেষ প্রচার চালানো হবে এবং ‘স্বচ্ছ অ্যাপ’-এর মাধ্যমে নাগরিকরা সরাসরি আবর্জনার ছবি তুলে অভিযোগ জানাতে পারবেন। এছাড়া, শহরের যানজট নিয়ন্ত্রণে রাস্তায় একপেশে পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং বর্ষাকালে জল জমা রোধে নিকাশি ব্যবস্থার উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে।