রাজনীতিমুক্ত হবে বাংলার ক্রীড়াঙ্গন, বড় ঘোষণা নিশীথের!
বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে কলকাতায় আয়োজিত এক বিশাল সাইকেল র্যালির মঞ্চ থেকে বাংলার ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার ডাক দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। রবিবার সল্টলেক স্টেডিয়াম থেকে শুরু হওয়া এই র্যালিতে প্রায় পাঁচ হাজার সাইকেল আরোহী অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্বারদ্বত মুখোপাধ্যায়, পূর্বাঞ্চলীয় সাই ডিরেক্টর শিবানন্দ মিশ্র এবং এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। খেলার জগৎ থেকে নৈরাজ্য ও পরিবারতন্ত্র দূর করে এক সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার অঙ্গীকার করেন ক্রীড়ামন্ত্রী।
নিশীথ প্রামাণিক অভিযোগ করেন যে, গত ১৫ বছর ধরে রাজ্যের ক্রীড়াক্ষেত্রে স্থবিরতা ও রাজনৈতিক প্রভাবের কারণে তরুণ প্রতিভাবানরা সঠিক সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তিনি জানান, কেন্দ্রীয় ও রাজ্য সরকার এবার যৌথভাবে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে কাজ করবে। এদিকে সুস্থ সমাজ গঠনের বার্তা নিয়ে আয়োজিত এই সাইক্লোথনে শুধু কলকাতাই নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যের নেতৃত্বে দেশজুড়ে হওয়া এই অভিযানে প্রায় ৪ লক্ষ মানুষ অংশ নিয়েছেন।