ইরানে ফের ভয়ঙ্কর মার্কিন হামলা, টানা ১৩ দিনের অভিযানে কী পরিস্থিতি?
ইরানে টানা ১৩ দিন ধরে সামরিক অভিযান চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালিয়েছে দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মাধ্যমে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধার সৃষ্টি ও হুমকির জবাবে এই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন সেন্টকম স্পষ্ট জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা না পর্যন্ত এই ধারাবাহিক আক্রমণ অব্যাহত থাকবে।
এই সংঘাতের জেরে পশ্চিম এশিয়ার পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। ইরানের পাল্টা হামলায় জর্ডন, বাহরাইন ও কুয়েতের মতো মার্কিন মিত্র দেশগুলোর ভূখণ্ড আক্রান্ত হচ্ছে। ইরানের সংবাদমাধ্যমের দাবি, বৃহস্পতিবার বুশেহরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিকটবর্তী সামরিক ঘাঁটিতে মার্কিন হামলা হয়েছে এবং খুজেস্তান প্রদেশের শালামচেহ সীমান্ত চৌকিতে ক্ষেপণাস্ত্র হামলায় দুইজনের মৃত্যু ও ১১ জন আহত হয়েছেন। অন্যদিকে, লোহিত সাগরে সৌদি আরবের তেলবাহী জাহাজে হামলার ঘটনা এবং হরমুজ প্রণালীতে সৃষ্ট উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।