দুর্যোগ কাটল, স্বস্তি নিয়ে ফিরল অমরনাথ যাত্রা!

প্রাকৃতিক দুর্যোগ ও ভারী বৃষ্টির কারণে টানা ছয় দিন স্থগিত থাকার পর শনিবার থেকে পুনরায় শুরু হয়েছে অমরনাথ যাত্রা। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় জম্মু-কাশ্মীর প্রশাসন যাত্রার অনুমতি দিয়েছে। এদিন জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ১,৪৭০ জন নারী, ২৫ জন শিশু ও ৫৪ জন সাধুসহ মোট ৬,২৬৯ জন পুণ্যার্থীর প্রথম দলটি কাশ্মীর উপত্যকার বালতাল বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

উল্লেখ্য, ১৯ জুলাই থেকে প্রবল বৃষ্টি ও ভূমিধসের জেরে এই তীর্থযাত্রা বন্ধ ছিল। উধমপুর ও রামবান এলাকায় ধস সরিয়ে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক চলাচলের উপযোগী করার পরই কর্তৃপক্ষ যাত্রা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয়। গত ৩ জুলাই শুরু হওয়া ৫৭ দিনের এই যাত্রা আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলবে। প্রশাসনিক তথ্যমতে, এখন পর্যন্ত প্রায় ৪ লক্ষ পুণ্যার্থী অমরনাথ গুহা দর্শন করেছেন এবং যাত্রাপথে নিরাপত্তার জন্য কঠোর পুলিশি ও সশস্ত্র বাহিনীর পাহারা মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *