সাংবাদিকদের ওপর হামলা, বিধানসভায় হুঙ্কার শুভেন্দুর!
শুক্রবার ধর্মতলায় বাম ও বিভিন্ন ছাত্র সংগঠনের বিক্ষোভ চলাকালীন সাংবাদিকদের ওপর শারীরিক হেনস্থা ও হামলার ঘটনার তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে তিনি জানান, এই ঘটনায় ইতিমধ্যেই ৭০ জন অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ‘গুন্ডা দমন আইন’ (Gunda Act) প্রয়োগ করা হয়েছে। হামলার ঘটনায় মোট ৭টি মামলা রুজু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, এই আইনে এমন পদক্ষেপ নেওয়া হবে যা অভিযুক্তরা দীর্ঘকাল মনে রাখবে। পাশাপাশি, শুক্রবারের ওই বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে যারা ডোরিনা ক্রসিংয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং সংবাদমাধ্যমের কর্মীদের লক্ষ্য করে ইট, জলের বোতল ও জুতো ছুঁড়েছে, তাদের কাউকেই রেয়াত করা হবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।