মমতার হাতছাড়া সংসদীয় দল, এনডিএ-তে যোগ দিতে স্পিকারকে চিঠি ২০ তৃণমূল সাংসদের!
বিধানসভার পর এবার লোকসভাতেও বড় ভাঙনের মুখে পড়ল তৃণমূল কংগ্রেস। দলের ২০ জন বিদ্রোহী সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি জমা দিয়ে এনডিএ-র শরিক হওয়ার আবেদন জানিয়েছেন। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বাধীন এই বিদ্রোহী গোষ্ঠীর সিদ্ধান্তের ফলে তৃণমূলের সংসদীয় দলের নিয়ন্ত্রণ শীর্ষ নেতৃত্বের হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন, ঠিক সেই সময়েই এই রাজনৈতিক পটপরিবর্তন ঘটল।
দলীয় সূত্র ও বিদ্রোহী সাংসদদের দাবি অনুযায়ী, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, দুর্নীতি, অভ্যন্তরীণ কোন্দল এবং জেলা নেতৃত্ব কর্তৃক হেনস্তার কারণেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তাঁদের অভিযোগ, দলের অন্দরে বারবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি, বরং সাংসদ তহবিলের কাজে বাধা দেওয়া হয়েছে। এই বঞ্চনার প্রতিবাদেই ২০ জন সাংসদ একজোট হয়ে এনডিএ-তে যোগদানের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এদিকে, স্পিকারের স্বীকৃতি মিললে লোকসভায় এই অংশই ‘আসল তৃণমূল’ হিসেবে গণ্য হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতার পদ হারাতে পারেন। রাজ্যের বিধানসভায় ইতিমধ্যেই বড় অংশের বিধায়ক দলত্যাগ করেছেন, ফলে এই নতুন পরিস্থিতির জেরে আগামী দিনে জোড়াফুল প্রতীকের অধিকার নিয়ে নির্বাচন কমিশনে আইনি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।