দিল্লিতে বড় ধাক্কা খেল তৃণমূল, লোকসভায় হাতছাড়া হতে পারে আসন!
পশ্চিমবঙ্গের বিধানসভা হাতছাড়া হওয়ার পর এবার দিল্লির রাজনীতিতেও বড় ধরনের ভাঙনের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। সোমবার দলটির একাধিক বিদ্রোহী সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে উপস্থিত হন এবং সেখানে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। বিদ্রোহী শিবিরের দাবি, তাদের সঙ্গে দলের মোট ২০ জন সাংসদের সমর্থন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের মাঝেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য ও জাতীয় রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।
দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী সাংসদ পদ টিকিয়ে রাখতে তৃণমূলের মোট ২৯ জন সাংসদের মধ্যে অন্তত দুই-তৃতীয়াংশ অর্থাৎ ২০ জনের সমর্থন প্রয়োজন। যদিও সোমবার কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে সরাসরি ১৪ জন সাংসদ উপস্থিত ছিলেন, তবে বিদ্রোহীদের দাবি অনুযায়ী তাদের কাছে ২০ জনের সই রয়েছে। উপস্থিত সাংসদদের মধ্যে রয়েছেন শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বসনিয়া, কালীপদ সোরেন ও অরূপ চক্রবর্তী। লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও দলের ভাঙন স্পষ্ট হয়েছে, যেখানে বর্ষীয়ান সাংসদ সুখেন্দু শেখর রায় ইতিমধ্যে দল ও পদ থেকে ইস্তফা দিয়েছেন।