‘ভোট লুট’ রুখতে সুপ্রিম কোর্টে INDIA জোট, মোদী সরকারকে চরম হুঁশিয়ারি খাড়্গের!
ভোট লুটের অভিযোগ এবং বিভিন্ন জনমুখী ইস্যুতে কেন্দ্র সরকারকে কোণঠাসা করতে একজোট হলো বিরোধী জোট ‘ইন্ডিয়া’। সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টিসহ মোট ২৩টি দলের শীর্ষ নেতৃত্ব এক বৈঠকে মিলিত হন। বৈঠকে আগামী সংসদীয় বর্ষাকালীন অধিবেশনে সরকারের বিরুদ্ধে আন্দোলনের রণকৌশল নির্ধারণের পাশাপাশি পাঁচটি সুনির্দিষ্ট এজেন্ডা ঘোষণা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বিহার ও পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ত্রুটি এবং ভোট লুটের অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হচ্ছে বিরোধী জোট। সেই সঙ্গে NEET প্রশ্নফাঁস এবং CBSE পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তোলা হয়েছে। এছাড়া দেশের অর্থনৈতিক সংকট, বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও কৃষক সমস্যা নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার দাবিতে সরব হয়েছে বিরোধী শিবির। এই সমন্বয় বজায় রাখতে প্রতি দুই মাস অন্তর বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার পরবর্তী পর্যায় আগামী ৮ আগস্ট হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে।