হস্টেল থেকে মুক্তি পেতে শিশু খুন! দুই ছাত্রীর ডায়েরিতে খুলল ভয়ংকর রহস্য

নদীয়ার কৃষ্ণনগরের কুইন্স উচ্চ বালিকা বিদ্যালয়ের হস্টেলে প্রথম শ্রেণির এক ছাত্রীকে খুনের অভিযোগে নবম শ্রেণির দুই নাবালিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৬ জুন হস্টেলের বাথরুম থেকে ওই শিশুর দেহ উদ্ধারের পর তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, হস্টেলের কঠোর শৃঙ্খলাপরায়ণ জীবন থেকে মুক্তি পেতেই তারা এই খুনের পরিকল্পনা করেছিল। ধৃতদের ডায়েরি ও খাতা তল্লাশি করে ‘বিরাট কিছু ঘটতে চলেছে’ এবং ‘হস্টেল বন্ধ হবে’—এমন একাধিক বিস্ফোরক লেখা পাওয়া গেছে।

পুলিশি জেরায় জানা গেছে, হস্টেলে মোবাইল ব্যবহারের স্বাধীনতা না থাকায় এবং কঠোর নিয়মে বিরক্ত হয়ে দুই পড়ুয়া বাড়ি ফেরার জন্য এই পথ বেছে নেয়। তাদের ধারণা ছিল, বড় কোনো অঘটন ঘটলে স্কুল ও হস্টেল বন্ধ করে দেওয়া হবে। এছাড়া তদন্তে উঠে এসেছে যে, ধৃত দুই ছাত্রীর পরিবারে তীব্র অশান্তি রয়েছে এবং তারা স্নেহ-যত্ন থেকে বঞ্চিত ছিল। পারিবারিক অস্থিরতার কারণে তাদের স্বাভাবিক মানসিক বিকাশে ব্যাঘাত ঘটে থাকতে পারে বলে মনে করছেন মনোবিজ্ঞানীরা। বর্তমানে এই ঘটনায় ধৃতদের মানসিক পরিস্থিতিও খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *