মদ-নীতিতে হাজার কোটির দুর্নীতি! প্রকাশ্যে গোপন রিপোর্ট

দিল্লির পর এবার পশ্চিমবঙ্গের আবগারি নীতি পরিবর্তনের আড়ালে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। ‘দ্য স্টেটসম্যান’ পত্রিকার প্রকাশিত এক গোপন প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০১৭ সালে রাজ্যে মদ-নীতি পরিবর্তনের মাধ্যমে সিন্ডিকেট ভাঙার কথা বলা হলেও, আদতে সরকারি একচেটিয়া বাজার তৈরির মাধ্যমে বিপুল অর্থ লুট করা হয়েছে। আবগারি দপ্তরের ওই গোপন রিপোর্টে দাবি করা হয়েছে যে, পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড (WBSBCL) গঠনের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত একচেটিয়া কাঠামো তৈরি করে মদ ও বিয়ার প্রস্তুতকারী সংস্থাগুলোর ওপর বেআইনি চাপ সৃষ্টি করা হতো।

অভিযোগ রয়েছে, গুদাম ভাড়া ও পরিবহণের নামে প্রতি ক্রেট মদের ওপর অতিরিক্ত সাত টাকা করে আদায় করা হতো, যা সরকারি কোষাগারে না গিয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের পকেটে যেত। আইএফবি অ্যাগ্রো-র মতো একাধিক সংস্থা ব্যবসার কাজে প্রশাসনিক হস্তক্ষেপ ও অবৈধ জুলুমের লিখিত অভিযোগও জানিয়েছে। এছাড়া, এই নীতি পরিবর্তনের ফলে রাজস্ব সংগ্রহে দেরি ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় অনেক প্রস্তুতকারী সংস্থা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। বর্তমানে এই সংস্থাগুলো ক্ষতিপূরণের দাবি তোলার প্রস্তুতি নিচ্ছে এবং প্রশাসনিক মহলে জমা পড়া এই গোপন রিপোর্টটি ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *