কামরার সংখ্যা বাড়ানোর দাবিতে উত্তাল ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশন!
শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনের হোটর স্টেশনে লোকাল ট্রেনের কামরা বিন্যাস নিয়ে ক্ষোভের জেরে মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিট থেকে রেল অবরোধ শুরু করেন একদল নিত্যযাত্রী। এই অবরোধের ফলে শিয়ালদহমুখী ও ডায়মন্ড হারবারগামী ট্রেন চলাচল দীর্ঘ এক ঘণ্টা বন্ধ থাকে, যার ফলে সকালে ব্যস্ত সময়ে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বিক্ষোভকারী পুরুষ যাত্রীদের দাবি, বর্তমানে প্রতিটি ট্রেনে মহিলাদের জন্য তিনটি কামরা বরাদ্দ থাকায় সাধারণ কামরায় অস্বাভাবিক ভিড় বাড়ছে। ভ্যাপসা গরমে এই গাদাগাদি সহ্য করা কঠিন হয়ে পড়ায় তারা ট্রেনের অর্ধেক কামরা মহিলাদের জন্য বরাদ্দ রাখার বর্তমান সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন। পরবর্তীতে রেল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সকাল সোয়া ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।