বিয়ের আগে শারীরিক সম্পর্কে নেই কোনো নৈতিক অধঃপতন, সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়!
বিয়ের আগে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের পারস্পরিক সম্মতিতে শারীরিক সম্পর্ককে ‘নৈতিক অধঃপতন’ হিসেবে গণ্য করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি মনমোহনের বেঞ্চ জানিয়েছে, শুধুমাত্র বিয়ের আগে যৌন সম্পর্কে জড়ানোর কারণে কোনো ব্যক্তিকে সরকারি চাকরি থেকে বঞ্চিত করা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া আইনত বৈধ নয়। তেলঙ্গানা সরকারের এক সিদ্ধান্ত খারিজ করে শীর্ষ আদালত এই পর্যবেক্ষণ দিয়েছে।
ঘটনার সূত্রপাত তেলঙ্গানার এক যুবককে নিয়ে, যিনি পুলিশে চাকরির সুযোগ পাওয়ার পরও তাঁর অতীত সম্পর্কের জেরে অযোগ্য ঘোষিত হয়েছিলেন। ওই যুবকের বিরুদ্ধে তাঁর প্রাক্তন প্রেমিকা বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনলেও পরবর্তীকালে দুই পক্ষের মধ্যে বিষয়টি আপসের মাধ্যমে মিটে যায় এবং তরুণী আদালতে সাক্ষ্য দিতেও অস্বীকার করেন। এর পরও ‘নৈতিক অধঃপতন’-এর অজুহাতে যুবকের চাকরি বাতিল করা হয়। তবে সুপ্রিম কোর্ট রাজ্যের এই যুক্তি খারিজ করে জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের সম্মতিসূচক সম্পর্ক কোনো অপরাধ নয় এবং তা চরিত্রের মানদণ্ড হিসেবে বিবেচিত হতে পারে না। এছাড়া ওই যুবক চাকরির আবেদনের সময় কোনো তথ্য গোপন না করে সততার পরিচয় দিয়েছিলেন বলে আদালত উল্লেখ করেছে।