কিশোর বয়সেই অতিরিক্ত চাপ, বৈভব সূর্যবংশীকে নিয়ে সতর্কবার্তা কপিল দেবের!

আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে মাত্র ১৫ বছর ৭১ দিন বয়সে জাতীয় দলে ডাক পেয়ে সাড়া ফেলেছেন বৈভব সূর্যবংশী। আইরল্যান্ড ও ইংল্যান্ড সফর এবং এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা পাওয়া এই তরুণ তুর্কিকে নিয়ে ক্রিকেট মহলে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। তবে এই প্রতিভার ওপর এখনই আকাশছোঁয়া প্রত্যাশার বোঝা না চাপানোর পরামর্শ দিয়েছেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

কপিল দেবের মতে, বৈভব ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ সম্পদ হলেও তার স্বাভাবিক বিকাশের জন্য ধৈর্য ধরা প্রয়োজন। এই বয়সে একজন খেলোয়াড়ের ওপর অসামান্য পারফরম্যান্সের চাপ সৃষ্টি করা ঠিক নয় বলে মনে করেন তিনি। বরং বৈভবের ফিটনেস বজায় রাখা এবং তাকে সঠিক পরিবেশ দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন কিংবদন্তি এই ক্রিকেটার। এ ছাড়া, অতিরিক্ত প্রচার যাতে তার স্বাভাবিক খেলার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়েও তিনি সতর্ক করেছেন।

এদিকে, জাতীয় দলে অভিষেকের আগেই শ্রীলঙ্কার মাটিতে নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছেন বৈভব। আগামী ৯ জুন থেকে শুরু হতে যাওয়া ভারত-এ, শ্রীলঙ্কা-এ এবং আফগানিস্তান-এ দলের মধ্যকার ত্রিদেশীয় সিরিজে অংশ নেবেন এই কিশোর। ভারতের সময় অনুযায়ী প্রতিদিন সকাল ১০টায় শুরু হতে যাওয়া ম্যাচগুলো সোনি লিভ অ্যাপে সরাসরি সম্প্রচার করা হবে। এই সিরিজে তার পারফরম্যান্সের দিকেই এখন নজর থাকবে নির্বাচক ও ক্রিকেটপ্রেমীদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *