রেলস্টেশন থেকে হকার উচ্ছেদ নিয়ে তোলপাড়, রেলমন্ত্রীকে কড়া চিঠি তৃণমূল সাংসদের!
পশ্চিমবঙ্গের বিভিন্ন রেলস্টেশন থেকে হকার উচ্ছেদ অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি পাঠিয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। কোনো ধরনের বিকল্প পুনর্বাসন ব্যবস্থা ছাড়াই হকারদের উচ্ছেদ করাকে ‘দমনমূলক ও স্বেচ্ছাচারী’ বলে অভিহিত করেছেন তিনি। সাংসদের দাবি, প্রজন্মের পর প্রজন্ম ধরে যারা রেলস্টেশনকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে আসছেন, এই আকস্মিক পদক্ষেপে তারা চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়েছেন।
রেলমন্ত্রীকে পাঠানো চিঠিতে সামিরুল ইসলাম অবিলম্বে উচ্ছেদ প্রক্রিয়া স্থগিত করার আহ্বান জানিয়ে মানবিক পুনর্বাসনের দাবি তুলেছেন। তিনি প্রস্তাব দিয়েছেন যে, জনপ্রতিনিধি, স্বীকৃত হকার সংগঠন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে বর্তমান উচ্ছেদনীতির পর্যালোচনা করা প্রয়োজন এবং ক্ষতিগ্রস্তদের জন্য নির্দিষ্ট পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করতে হবে। আইনি প্রক্রিয়া ও আগাম নোটিস ছাড়া জীবিকা থেকে বঞ্চিত না করে, সামাজিক দায়িত্ব ও মানবিকতার মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্যও ভারতীয় রেলের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।