ডিপফেকের খপ্পরে কেন্দ্রীয় মন্ত্রী, পীযূষ গোয়েলের ভিডিও ঘিরে তোলপাড়!
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে তাঁর বক্তব্য বিকৃত করার অভিযোগে সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীষূষ গোয়েল। তাঁর অভিযোগ, সংসদের বাইরে সংবাদমাধ্যমকে দেওয়া তাঁর একটি সাক্ষাৎকারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে ডিপফেক ভিডিও তৈরি করা হয়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা।
এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগের ভিত্তিতে দিল্লির চাণক্যপুরী থানায় একটি এফআইআর (নং ১২৩/২৬) রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত ২৫ জুলাই ২০২৬ ভোর ৪টা ৩৫ মিনিটে মামলাটি নথিভুক্ত করা হয়। এই ভিডিও তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি, সমাজমাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে তা ভালোভাবে যাচাই করে নেওয়ার জন্য সাধারণ নাগরিক ও তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।