পাহাড়ের ১৬টি বোর্ড ও জিটিএ-র বিরুদ্ধে কড়া তদন্তের হুঁশিয়ারি অগ্নিমিত্রার!

পাহাড়ের জল সমস্যা সমাধান ও সার্বিক উন্নয়ন খতিয়ে দেখতে সোমবার দিনভর দার্জিলিং সফর করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সাংসদ রাজু বিস্তাকে সঙ্গে নিয়ে তিনি মহাকাল মন্দিরে পুজো দেওয়ার পর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনের মাঝেই মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিগত সরকারের আমলে জনজাতিদের জন্য তৈরি ১৬টি উন্নয়ন বোর্ড এবং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) আর্থিক লেনদেনের কড়া তদন্ত করা হবে। আগের সরকারের বিরুদ্ধে পাহাড়ের তহবিল অপব্যবহারের অভিযোগ তুলে তিনি জানান, বর্তমান সরকার এখানে কাজ করতে এসেছে।

জলসংকট মেটাতে মন্ত্রী সিনচেল এলাকার জল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। এছাড়া হ্যাপি ভ্যালির আইসিডিএস সেন্টার পরিদর্শন, মিরিক লেকের সৌন্দর্য বৃদ্ধি, পার্ক সংস্কার ও সেখানে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা চালুর পরিকল্পনা গ্রহণ করেন। পাশাপাশি, পশুপতি মন্দির হয়ে দুধিয়া গিয়ে বর্ষায় ভেঙে যাওয়া সেতুর অবস্থা পর্যবেক্ষণ করে ২০২৭ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার প্রতিশ্রুতি দেন তিনি। সেই সঙ্গে গত বর্ষায় ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির বকেয়া ৬০ হাজার টাকা অবিলম্বে প্রদানের নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী। মঙ্গলবার মন্ত্রীর জলপাইগুড়ি যাওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *